আমরা যতই বলি না কেন ‘প্রেমে পড়া বারণ’ কিন্তু একবার প্রেমে পড়লে ভালোবাসা না মানে নিয়ম না মানে বয়সের বাঁধন। সদ্য সদ্য প্রকাশ পাওয়া সুস্মিতা সেন আর ললিত মোদীর প্রেমের খবরে তোলপাড় হয়েছে নেট দুনিয়া। ট্রোল দের একাংশ দুজনের মধ্যে বয়সের পার্থক্য নিয়ে এর মধ্যেই তুলেছে মিম এর ঝড়। অথচ বলিউডের কানাগলি খুঁজলে সেই আদিকাল থেকেই আমরা পাবো অসমবয়সী প্রেমের জয়গান। আসুন দেখে নেওয়া যাক এরকমই কতগুলি অসম প্রেমের কাহিনী-
আলিয়া ভাট ও রণবীর কাপুর
বলিউডের সবথেকে নতুন কাপল আলিয়া ভাট এবং রনবীর কাপুর ও বয়সের দিক দিয়ে কিন্তু অনেকটাই বড় ছোট। সঞ্জয় লীলা বনসালি যখন তার বিখ্যাত ছবি ব্ল্যাক নির্মাণ করছেন, তখন ব্ল্যাক এর অ্যাসিস্টেন্ট ডিরেক্টর ছিলেন রনবীর কাপুর… সেই ব্ল্যাক এই চাইল্ড আর্টিস্ট হিসাবে অডিশন দিতে এসেছিলেন মাত্র ১১ বছরের আলিয়া ভাট। এই দুই যুগলের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ১০ বছর। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের অন্তরঙ্গ ঘনিষ্ঠতা বারেবারে প্রমাণ করে দেয়, বয়স শুধুমাত্র মনের ধারণা মাত্র।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
গত বছর ডিসেম্বর এ তাদের বিবাহের তিন বছর ধুমধাম করে পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০১৮ এ এন্টারটেনমেন্ট দুনিয়ার সবথেকে উল্লেখযোগ্য খবর গুলির মধ্যে নিঃসন্দেহে একটি ছিল তাদের বিয়ের খবর। এই যুগলের মধ্যে বয়সের পার্থক্য ১০ বছরের মত। যে সময়ে বিশ্ব সুন্দরীর খেতাব পান প্রিয়াঙ্কা চোপড়া, সেই সময়ে নিক জোনাস সবে কৈশোরে উত্তীর্ণ হয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিকের পিছনে লাগতেও ছাড়েন না প্রিয়াঙ্কা।
শাহিদ কাপুর ও মীরা রাজপুত
করিনা কাপুরের সাথে বিচ্ছেদের পর শাহিদ কাপুরের জীবনে অনেক প্রেম এসেছে ও গেছে। কিন্তু অবশেষে যার সাথে তিনি সাত পাকে বাঁধা হয়েছেন সেই মিরা রাজপুত তার থেকে কিন্তু প্রায় 13 বছরের ছোট। শাহিদ ও মীরার জীবনের নানান দুষ্টু মিষ্টি ঘটনা আমরা প্রায়ই দেখতে পাই মীরার সোশ্যাল মিডিয়া পেজে। আর তার থেকেই বোঝা যায় বয়সের ফারাক থাকুক ক্ষতি নেই মনের ফারাক না থাকলেই হল।
সোহা আলি খান ও কুনাল খেমু
কেরিয়ারের দিক থেকে সোহা ও কুনালের গ্রাফের বিশেষ পার্থক্য নেই। দুজনে ঝুলিতেই দু একটি ছোট খাটো সাফল্য ছাড়া
তেমন বড় কোন ছবি নেই… অথচ এই দুজন ২০০৯ সালে একটি ছবি ঢুন্ডতে রহে জাওগে একসাথে অভিনয় করার সময় একে অন্যের প্রেমে পড়েন। ব্যাস পাঁচ বছরের ছোট কুনাল নবাব কন্যা সোহার সাথে নিজের বাকি জীবনের মানচিত্র এঁকে ফেলেন।
করিনা কাপুর ও সেফ আলি খান
এই তালিকার সম্ভবত সব থেকে গ্ল্যামারাস নাম সেফ ও করিনা। নিজেদের মন মাতানো পারফরম্যান্স দিয়ে এরা দর্শকের মন্ত জয় করে নিয়েছেন ই। সাথে সাথে যশ চোপড়া ব্যানারের ছবি টশন করার সময় এরা একে অন্যের মনও জয় করে নেন। এবং প্রায় ১০ বছরের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও আজ এরা দুই ফুটফুটে সন্তানের সাথে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
বলিউডে অসম বয়সী প্রেমের ঘটনা নতুন কিছু নয়। সঞ্জয় দত্ত ও মান্যতা(১৯ বছর), আমির খান ও কিরণ রাও(৯বছর) থেকে শুরু করে রেট্রো যুগের রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া(১৫ বছর), দিলীপ কুমার ও শায়রা বানু (২২ বছর) এই তালিকা সত্যিই সুবিস্তৃত… আর এর থেকেই আরো একবার প্রমাণ হয় বয়স শুধুমাত্র একটি সংখ্যা। হৃদয় যদি সতেজ সবুজ হয়, আর মিয়া বিবি রাজি হয়…কাঠিবাজ কাজির সেখানে কিছুই করার থাকেনা।

